রাজধানীর যাত্রাবাড়ী গোলচত্বরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
গ্রেপ্তাররা হলেন-মোহাম্মদ আলী (২০), নুরনবী আকাশ মাঝি (২৩), জামাল (২৫) ও সোহান (২৬)।
রোববার (২৩ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া এন্ড পাবলিক রিলেশন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
তিনি জানান, রোববার সকালে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, যাত্রাবাড়ীর গোলচত্বর এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। তখন ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের চারজনকে গ্রেপ্তার করা হয়।
নিয়াজ মেহেদী আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এসএএ/বিআরইউ
