রাজধানীর মিরপুরে চেকপোস্টে পুলিশের সংকেত অমান্য করে পালানোর সময় বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সাইফুল ইসলাম তপু (২৬) ও মো. রবিন মিয়া (৩০)।
রোববার (২৩ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।
তিনি জানান, শনিবার (২২ আগস্ট) রাত ১০টা ১০ মিনিটের দিকে দক্ষিণ পীরেরবাগ ৬০ ফিট রোডের ভাঙা ব্রিজসংলগ্ন টি-ভ্যালী এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল পুলিশের একটি দল। এ সময় মোটরসাইকেলে করে দুই ব্যক্তি চেকপোস্টের সামনে এলে পুলিশ তাদের থামার সংকেত দেয়। তবে তারা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাদের আটক করে।
তিনি আরও জানান, পরে তাদের দেহ তল্লাশি করে সাইফুলের পরনের প্যান্টের কোমর থেকে একটি বিদেশি পিস্তল এবং রবিনের প্যান্টের বাম পকেট থেকে একটি ম্যাগাজিনে থাকা ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অবৈধভাবে পিস্তল ও গুলি নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। উদ্ধার করা অস্ত্র ও গুলির বৈধ কোনো কাগজপত্র তারা দেখাতে পারেননি।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
এমএসি/জেআই
