বিজ্ঞাপন

কাজের মাধ্যমে সমালোচনার জবাব দিতে হবে : আবদুস সালাম

কাজের মাধ্যমে সমালোচনার জবাব দিতে হবে : আবদুস সালাম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. আবদুস সালাম বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করতে হবে। অন্যরা যেন সমালোচনার সুযোগ না পায়, সে জন্য কাজের মাধ্যমেই সব সমালোচনার জবাব দিতে হবে।

রোববার (২৩ আগস্ট) নগরভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আবদুস সালাম বলেন, আমাদের প্রিয় নেত্রী, বেগম খালেদা জিয়া শারীরিকভাবে আমাদের মাঝে নেই, কিন্তু তিনি আমাদের হৃদয়ে আছেন। আমরা তাকে সবসময় স্মরণ করি। তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।

তিনি বলেন, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামের পর দেশে গণতন্ত্র ফিরে এসেছে এবং দলের নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এখন সরকার পরিচালনার দায়িত্ব শুধু প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দিলে হবে না। দলের নেতাকর্মীদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করতে হবে।

ডিএসসিসি প্রশাসক বলেন, আজকে দল ক্ষমতায় এসেছে, এখন দায়িত্ব আরও বেড়ে গেছে। আগে বিরোধী দলে থাকতে যতটুকু দায়িত্ব ছিল, এখন তার চেয়ে বেশি দায়িত্ব। প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি পর্যায়ে আমাদের সহযোগিতা করতে হবে।

তিনি বলেন, সিটি কর্পোরেশন থেকে নগরবাসী যাতে যথাযথ নাগরিক সেবা পায়, তা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কোনো ধরনের গ্রুপিং বা ভেদাভেদ রাখা যাবে না। দলকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিতভাবে কাজ করতে হবে।

ডিএসসিসি প্রশাসক বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশক নিধন, বিদ্যুৎ, রাস্তাঘাট, ট্যাক্স-রেভিনিউ- প্রতিটি সেক্টরে আমাদের কাজ করতে হবে। সব ভেদাভেদ ভুলে দায়িত্ব পালন করতে হবে। ডিএসসিসির দায়িত্ব শুধু তার একার নয়, দলের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সবারই এই দায়িত্ব রয়েছে। কোনো কাজে ব্যর্থতা হলে সেটি শুধু প্রশাসকের ব্যর্থতা নয়, সংশ্লিষ্ট সবার ব্যর্থতা হিসেবে বিবেচিত হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ লক্ষ্য বাস্তবায়নের আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, ক্লিন সিটি করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন। অফিস চলাকালীন বা দায়িত্বের সময়ে কোনো ধরনের ফাঁকি দেওয়া যাবে না। দলের নেতাকর্মীদের বরং অন্যদের চেয়ে আরও বেশি আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, পাবনা-৫ আসনের সংসদ সদস্য, অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমানসহ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতারা।

এএসএস/জেডএস

বিজ্ঞাপন