বিজ্ঞাপন

দুবাই থেকে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ কক্সবাজারে আটক ২

দুবাই থেকে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ কক্সবাজারে আটক ২

কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুই চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, চারটি মোবাইল ফোন, নগদ টাকা, সৌদি রিয়াল ও সৌদি আরবের তিনটি এটিএম কার্ড জব্দ করা হয়েছে।

রোববার  (২৩ আগস্ট) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান। 

কোস্ট গার্ড জানায়, একটি অসাধু চক্র শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণের একটি চালান দেশের অভ্যন্তরে প্রবেশ করাবে। এ তথ্যের ভিত্তিতে শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বিসিজি স্টেশন কক্সবাজারের একটি দল কক্সবাজার বিমানবন্দরসংলগ্ন নতুন ফিশারি ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহজনক একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে আরোহীরা মোটরসাইকেলের গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে মোটরসাইকেলসহ দুইজনকে আটক করে।

এ সময় তাদের কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ৩১ ভরি স্বর্ণালংকার, চারটি মোবাইল ফোন, নগদ ৫ হাজার ৭৪২ টাকা, ১০ সৌদি রিয়াল এবং সৌদি আরবের তিনটি এটিএম কার্ড জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বাজারে বিক্রির উদ্দেশ্যে শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণের চালানটি দুবাই থেকে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশে আনা হয়। তারা এর আগেও একাধিকবার এ ধরনের স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন বলেন, এ চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য অসাধু ব্যবসায়ী ও সহযোগীদের শনাক্ত ও আটকের লক্ষ্যে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা আলামত ও আটক চোরাচালানকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এমআর/এমএসএ