ডাকাতির খবর পেয়ে রাজধানীর বনশ্রীর একটি বাসা ঘিরে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রায় অর্ধশত সদস্যের একটি দল রাস্তার দুই পাশ বন্ধ করে দেয়। সম্ভাব্য পালানোর পথ আটকে রাখতে গলির মুখে রাখা হয় বালুভর্তি ট্রাক।
ডিবি সূত্রে জানা যায়, প্রায় এক ঘণ্টা ধরে বাসাটি ঘিরে তল্লাশি চালানো হলেও মেলেনি ডাকাতি বা সন্দেহজনক কোনো কর্মকাণ্ডের প্রমাণ। শেষ পর্যন্ত যে ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে এত বড় অভিযান, তাকেই সন্দেহভাজন হিসেবে আটক করে নিয়ে যায় পুলিশ।
রোববার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীর বনশ্রীর সি ব্লকের ২ নম্বর রোডে এ অভিযান চালায় ডিবির মতিঝিল বিভাগের একটি দল। দুপুর ১টা থেকে সোয়া ২টা পর্যন্ত অভিযান চলে।
ডিবি সূত্রে জানা যায়, তথ্যদাতা নিজেও একজন সন্দেহভাজন ডাকাত। তার বিরুদ্ধে সাত-আটটি ডাকাতির মামলা রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। তিনি কেন এমন তথ্য দিয়ে পুলিশকে সেখানে অভিযান চালাতে প্ররোচিত করেছিলেন, তা প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই ডিবির দলটি অভিযানে গিয়েছিল।
এদিকে অভিযানের বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, বনশ্রীর ২ নম্বর রোডে থাকেন। দুপুরের দিকে সড়কের দুই পাশে পুলিশের গাড়ি দাঁড়িয়ে ছিল। একজন ব্যক্তিকে হাতকড়া পরিয়ে কয়েকজন পুলিশ সদস্য জিজ্ঞাসাবাদ করছিলেন। অন্য পুলিশ সদস্যরা ওই সড়কের একটি ভবনের সামনে অবস্থান নেন। কিছুক্ষণ পর হাতকড়া পরা ওই ব্যক্তিকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। অভিযানের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশ স্থানীয় বাসিন্দাদের অভিযানের বিষয়ে কিছু জানায়নি।
এ বিষয়ে ডিবির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, ডাকাতির একটি তথ্য পেয়ে ডিবির একটি দল সেখানে অভিযানে গিয়েছিল। তবে যে তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছিল, সেখানে তেমন কিছু পাওয়া যায়নি। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য জানা যাবে।
এমএসি/জেডএস
