বিজ্ঞাপন

কাপ্তান বাজার থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কাপ্তান বাজার থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজধানীর কাপ্তান বাজার এলাকা থেকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক নারী আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী পুলিশ ফাঁড়ি।
 
গ্রেপ্তার হওয়া আসামির নাম মোছা. নাছিমা আক্তার (৫২)।
 
আজ (সোমবার) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
 
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত আনুমানিক ৮টার দিকে কাপ্তান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে নাছিমা আক্তারকে গ্রেপ্তার করা হয়।
 
পুলিশ জানায়, একটি মামলার রায়ে আদালত নাছিমা আক্তারকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাছিমা আক্তারকে ওয়ারী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এমএসি/এনএফ