বিজ্ঞাপন

চট্টগ্রামে রেস্তোরাঁর রান্নাঘরে তেলাপোকা, লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে রেস্তোরাঁর রান্নাঘরে তেলাপোকা, লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চেরাগি মোড় এলাকার একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ, বিভিন্ন আকারের তেলাপোকার উপদ্রব এবং খাবারে খোলা লবণ ব্যবহারের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে চেরাগি মোড়ের ‘চেরাগি রেস্তোরাঁ’য় অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। তিনি জানান, চেরাগি রেস্তোরাঁয় প্রবেশের পর দেখা যায় এর রান্নাঘরের অবস্থা অত্যন্ত শোচনীয়। অপরিচ্ছন্ন পরিবেশের পাশাপাশি রান্নাঘরের আনাচে-কানাচে কিলবিল করছে নানা আকারের তেলাপোকা। এ ছাড়া নিয়ম অমান্য করে খাবারে ব্যবহার করা হচ্ছিল খোলা লবণ।

অধিদপ্তরের উপপরিচালক বলেন, ‘এর আগেও তিনবার এই হোটেল মালিককে জরিমানা করা হয়েছিল। কিন্তু বারবার সতর্ক করার পরও তারা শোধরায়নি। চরম অবহেলার কারণে পুরো রান্নাঘরে নোংরার স্তূপ জমে গেছে। মানুষের জন্য প্রস্তুত করা খাবার এত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তিনি আরও জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে রান্নাঘরের পরিবেশ উন্নত করা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার অঙ্গীকার জানিয়ে হোটেল মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা-অধিকার সংরক্ষণের এই কর্মকর্তা।

জেডএস