ঈমান বিধ্বংসী ও সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে হিযবুত তাওহীদকে নিষিদ্ধ, ট্রান্সজেন্ডারবান্ধব শ্রম আইন বাতিল এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদা-বিশ্বাস সংরক্ষণে জনসচেতনতা তৈরির দাবিতে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় উলামা-মাশায়েখ কনভেনশন।
আগামীকাল মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এ কনভেনশন অনুষ্ঠিত হবে।
সকাল ১০টায় শুরু হতে যাওয়া এ কর্মসূচির আয়োজন করেছে ঈমান আকিদা সংরক্ষণ কমিটি। তবে অনুষ্ঠানে অংশগ্রহণে আমন্ত্রিত বক্তাদের অধিকাংশরাই হেফাজতে ইসলামের সঙ্গে যুক্ত।
কনভেনশনকে সামনে রেখে আয়োজকদের প্রচারপত্রে তিনটি দাবির কথা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে— ১. আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদা-বিশ্বাস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি; ২. ঈমান বিধ্বংসী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে হিযবুত তাহরীরকে নিষিদ্ধ করা এবং ৩. সংসদে পাস হওয়া ট্রান্সজেন্ডারবান্ধব শ্রম আইন আইন বাতিল করা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনভেনশনে দেশের বিভিন্ন এলাকার আলেম-উলামা ও মাশায়েখ অংশ নেবেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন— চট্টগ্রামের আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরের মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। এ ছাড়া, বিশেষ অতিথি হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলের বিশিষ্ট আলেম ও ইসলামি ব্যক্তিত্বদের উপস্থিত থাকার কথা রয়েছে।
জাতীয় উলামা-মাশায়েখ কনভেনশনটি এমন এক সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করার সিদ্ধান্তে প্রকাশ্যে সংবাদ সম্মেলন ও বিবৃতি দিয়ে তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে সরকারকে এ সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
কনভেনশনে ধর্মীয় আকিদা-বিশ্বাস, সমসাময়িক সামাজিক ও আইনগত বিভিন্ন বিষয় নিয়ে বক্তারা বক্তব্য দেবেন। বিশেষ করে হিযবুত তাহরীরের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি এবং ট্রান্সজেন্ডার-সংক্রান্ত আইন বাতিলের দাবির বিষয়ে আয়োজকদের অবস্থান তুলে ধরা হবে।
আয়োজকদের প্রচারপত্রে আরও বলা হয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদা-বিশ্বাস সংরক্ষণে গণসচেতনতা তৈরি করা প্রয়োজন। এ লক্ষ্যেই আলেম-উলামা ও মাশায়েখদের অংশগ্রহণে জাতীয় পর্যায়ের এ কনভেনশনের আয়োজন করা হয়েছে।
কনভেনশনে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, হেফাজতে মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকসহ দেশের শীর্ষ আলেম ওলামা-মাশায়েখদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আলেমদের অংশগ্রহণে কনভেনশনে ধর্মীয় মূল্যবোধ ও আকিদা সংরক্ষণে করণীয় নিয়েও আলোচনা হতে পারে।
আয়োজকদের তিন দফা দাবির মধ্যে হিযবুত তাওহীদকে নিষিদ্ধের বিষয়টি নতুন করে আলোচনায় আসছে এ কনভেনশনের মাধ্যমে। একই সঙ্গে ট্রান্সজেন্ডার-সংক্রান্ত আইন বাতিলের দাবিও সামনে আনা হচ্ছে। এসব দাবির পক্ষে জনমত গঠন এবং সংশ্লিষ্ট বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করাই কনভেনশনের অন্যতম লক্ষ্য বলে আয়োজকদের প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে।
ঈমান আকীদা সংরক্ষণ কমিটির মিডিয়া সমন্বয়ক মুফতি ইমরানুল বারী সিরাজী ঢাকা পোস্টকে বলেন, জাতীয় পর্যায়ের এ কনভেনশন বাস্তবায়নে প্রস্তুতি সম্পন্ন। কনভেনশন ঘিরে আলেম-উলামা ও মাশায়েখদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। কনভেনশন থেকে তিন দফা দাবির বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য ও পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
জেইউ/এসএএস
