বিজ্ঞাপন

বিটিআরসির মনিটরিং স্টেশনে মিলবে ওয়ান স্টপসহ ৪ ধরনের সেবা

বিটিআরসির মনিটরিং স্টেশনে মিলবে ওয়ান স্টপসহ ৪ ধরনের সেবা

তরঙ্গ মনিটরিংয়ের পাশাপাশি দেশের ছয়টি স্পেকট্রাম মনিটরিং স্টেশন থেকে টেলিযোগাযোগসংক্রান্ত বিভিন্ন সেবা দেওয়ার অনুমোদন পেয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। নতুন জনবল নিয়োগ বা অতিরিক্ত ব্যয় না বাড়িয়ে বিদ্যমান জনবল ও বাজেটের মাধ্যমেই এসব কার্যক্রম পরিচালনা করতে হবে সংস্থাটিকে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের টেলিকম শাখা থেকে সম্প্রতি বিটিআরসিতে পাঠানো এক চিঠিতে এ অনুমোদনের কথা জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ছয়টি মনিটরিং স্টেশনে তরঙ্গ পর্যবেক্ষণের পাশাপাশি চার ধরনের টেলিযোগাযোগ সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করা যাবে।

অনুমোদিত কার্যক্রমের মধ্যে রয়েছে বিটিআরসি-সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা দেওয়ার জন্য ওয়ান স্টপ সার্ভিস, সাধারণ ডকুমেন্ট গ্রহণ, মনিটরিং ও সেবার মান (কোয়ালিটি অব সার্ভিস) সংক্রান্ত মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ এবং ক্ষুদ্র ও নতুন উদ্যোক্তাদের টেলিযোগাযোগসংক্রান্ত কার্যক্রম সহজ করতে প্রয়োজনীয় তথ্য দেওয়া।

চিঠিতে বলা হয়েছে, এসব কার্যক্রম পরিচালনার জন্য নতুন জনবল নিয়োগ বা অতিরিক্ত অর্থ ব্যয় করা যাবে না। বিদ্যমান জনবল ও বাজেটের মাধ্যমেই সেবাগুলো পরিচালনা করতে হবে।

একই সঙ্গে ওয়ান স্টপ সার্ভিস, সাধারণ ডকুমেন্ট গ্রহণ ও উদ্যোক্তাদের তথ্য দেওয়ার মতো সেবাগুলো যাতে গ্রাহকেরা ঘরে বসেই অনলাইনে নিতে পারেন, সে উদ্যোগ নিতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের চিঠিতে আরও বলা হয়েছে, মনিটরিং স্টেশনগুলোতে সেবার পরিধি বাড়ানোর এই উদ্যোগের লক্ষ্য হলো বিদ্যমান অবকাঠামো ও জনবলকে কাজে লাগিয়ে টেলিযোগাযোগ খাতের সেবাকে আরও সহজলভ্য করা।

এর আগে বিটিআরসি থেকে পাঠানো এক চিঠির পরিপ্রেক্ষিতে এ অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

আরএইচটি/এমএন

বিজ্ঞাপন