রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে এক নারীর কানের দুল ছিনতাইয়ের অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনির শিকার হয়ে এক যুবক (৩৩) নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩ টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে মেইন রাস্তার পাশে এ ঘটনা ঘটে।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সবুজ জানান, বিকেল ৩টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে এক নারীর কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এ সময় স্থানীয় জনতা সেই অজ্ঞাতনামা যুবককে আটক করে গণপিটুনি দেয়। পরে তিনি রাস্তায় পড়ে থাকলে আমিসহ পথচারী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে এখানে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। তবে তার নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে এবং নিহত যুবকের পরিচয় শনাক্তের কাজ চলছে।
এসএএ/এমএন
