ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ করে নিরাপদ ফুটপাত, রাস্তা পারাপার ও হাঁটাবান্ধব অবকাঠামো এবং নিরাপদে সাইকেলে যাতায়াত ও মানসম্মত গণপরিবহন নিশ্চিত করা জরুরি বলে উল্লেখ করেছেন আলোচকরা।
সোমবার (২৪ আগস্ট) ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ টাস্টের আয়োজনে কৈবর্ত সভাকক্ষে “বাসযোগ্য নগরী গঠনে আমাদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন।
আলোচকরা বলেন, অপরিকল্পিত উন্নয়নের ফলে ঢাকা শহরে পার্ক, খেলার মাঠ, সবুজ এলাকা, জলাধার ও জলাভূমি কমে গিয়ে তাপমাত্রা, দূষণ, যানজট ও নগর স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। ঢাকা শহরের ৫-৭% মানুষ ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করে বাকি ৯০% এর অধিক মানুষ দৈনন্দিন যাতায়াতে হাঁটা, সাইকেল ও গণপরিবহনের উপর নির্ভরশীল। তাই ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ করে নিরাপদ ফুটপাত, রাস্তা পারাপার ও হাঁটাবান্ধব অবকাঠামো এবং নিরাপদে সাইকেলে যাতায়াত ও মানসম্মত গণপরিবহন নিশ্চিত করা জরুরি। পাশাপাশি পার্ক, খেলার মাঠ, উন্মুক্ত স্থান, জলাধার ও সবুজ এলাকা সংরক্ষণ, কাঁচাবাজারসমূহ মানসম্মত করা এবং এ স্থানগুলো সকলের জন্য প্রবেশগম্য করে তোলা আবশ্যক।
বক্তারা হেঁটে ও সাইকেলে যাতায়াত, নিরাপদে হেঁটে বিদ্যালয়ে যাতায়াত, মাঠ-পার্ক ও এলাকাভিত্তিক গণপরিসর উন্নয়ন, জলাধার রক্ষা, দূষণ হ্রাস, কাঁচাবাজারসমূহ মানসম্মত করে তোলার লক্ষ্যে সুপারিশ তুলে ধরেন।
তাদের সুপারিশগুলো মধ্যে রয়েছে-ফুটপাতের মান উন্নয়ন, প্রশস্তকরণ এবং দখলমুক্ত করা; সাইকেলের জন্য নির্দিষ্ট লেন তৈরি ও রুট নেটওয়ার্ক নিশ্চিতকরণ; ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন; শহরের খাস জমি দখলমুক্ত করে পুকুর খনন; শিক্ষা প্রতিষ্ঠান-হাসপাতালের আশে পাশে হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধতরণ; পরিবেশ দূষণের উৎসসমূহ চিহ্নিত করে আশু উদ্যোগ গ্রহণ; দখল-দূষণকারীদের শাস্তির আওতায় আনা; মাঠ-পার্কসমূহ ক্লাবের আওতাধীন না রেখে সরকারের আওতায় রেখে প্রবেশগম্যতা ও অন্তর্ভুক্তিতা নিশ্চিত করণ; মাঠ-পার্কে খেলাধূলা ও প্রবেশের জন্য কোন অর্থ আদায় না করা; নগরের কাঁচাবাজারসমূহ মানসম্মত করে তোলার লক্ষ্যে বাজারের পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষার্থে দক্ষ জনবল নিয়োগ সহ অন্যান্য।
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের সহকারি প্রকল্প কর্মকর্তা মো: মিঠুনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক গাউস পিয়ারী, সমাজকর্মী এবং তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনের সমন্বয়ক সৈয়দা রত্না, বাপা’র হুমায়ুন কবির সুমন, ক্যাবের অর্গানাইজিং সেক্রেটারি আবুল কালাম আজাদ, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের প্রজেক্ট ম্যানেজার নাঈমা আকতার, শিশুদের মুক্ত বায়ুসেবন সংস্থার সদস্য মো. সেলিম, এ্যাকশন ফর চেঞ্জ ফাউন্ডেশনের মেরিনা আক্তার প্রমুখ।
এএসএস/এমটিআই
