চট্টগ্রামের মীরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারে দুই হাজার লিটারের ভলকানাইজিং ট্যাংক (গাড়ির চাকায় বাতাস দেওয়ার ট্যাংক) বিস্ফোরণে ইউনুস (৩৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় গ্যারেজের মালিক ইমন হোসেনও আহত হয়েছেন। এছাড়া, বিস্ফোরণে গ্যারেজসহ পাশের একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের প্রবেশমুখে বড়তাকিয়া বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গ্যারেজে থাকা হাওয়ার ট্যাংকিতে মেশিনের মাধ্যমে বাতাস দেওয়ার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ট্যাংকিটি প্রায় ৫০ ফুট ওপরে উঠে গিয়ে মাটিতে পড়ে দ্বিখণ্ডিত হয়ে যায়। এতে গ্যারেজ ও পাশের একটি দোকানের বিভিন্ন মালামাল তছনছ হয়ে যায়।
বিস্ফোরণের শব্দ ও কম্পন প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনার পরপরই শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।
আহত ইউনুস মীরসরাইয়ের পশ্চিম পোলমোগরা গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়।
স্থানীয় ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, সকাল সাড়ে ৯টার দিকে আমি দোকান খুলি। এর আগে ইমন দোকান খুলে হাওয়ার মেশিন চালু করেন। কিছুক্ষণ পর হঠাৎ বিকট শব্দে আশপাশের সবকিছু কেঁপে ওঠে। ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়। হাওয়ার ট্যাংকি বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ঘূর্ণির মতো বাতাস ছড়িয়ে পড়ে এবং আমার দোকানের বিভিন্ন জিনিসপত্র তছনছ হয়ে যায়। এ সময় ইউনুস নামে একজন গুরুতর আহত হন।
বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কামরুল হাসান বলেন, শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত অবস্থায় ইউনুস নামে একজনকে হাসপাতালে আনা হয়। চিকিৎসা শেষে তাকে ভর্তি দেওয়া হয়েছে। তার চোখ ও মুখে বেশি আঘাত লেগেছে।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, বড়তাকিয়া বাজারে হাওয়ার ট্যাংকি বিস্ফোরণের খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আরএমএন/জেআই
