বিজ্ঞাপন

কোল্ড স্টোরেজের ইলিশেও স্বস্তি নেই, দাম ২ হাজার ৫০০

কোল্ড স্টোরেজের ইলিশেও স্বস্তি নেই, দাম ২ হাজার ৫০০

বাজারে ইলিশের সরবরাহ কম থাকায় চড়া দামে বিক্রি হচ্ছে মাছটি। আকার, মান ও সংরক্ষণ পদ্ধতি অনুযায়ী ইলিশের দামে রয়েছে ব্যাপক পার্থক্য। কোল্ড স্টোরেজে সংরক্ষিত ইলিশের দাম তুলনামূলক কম হলেও সেখানেও স্বস্তি নেই ক্রেতাদের। প্রতি কেজি কোল্ড স্টোরেজে ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ২ হাজার ৫০০ টাকায়। আর এর বাইরে থাকা তাজা ইলিশের দাম উঠেছে ৩ হাজার টাকা পর্যন্ত।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজার, জেনেভা ক্যাম্প বাজার ও টাউন হল বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে আকার ও ওজন ভেদে ইলিশের দাম শুরু হয়েছে ৬০০ টাকা থেকে, যা সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত উঠেছে। ছোট আকারের ইলিশ তুলনামূলক কম দামে পাওয়া গেলেও বড় ও ভালো মানের ইলিশ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা।

টাউন হল বাজারে স্ত্রীকে সঙ্গে নিয়ে ইলিশ কিনতে বাজারে এসেছিলেন বোরহানউদ্দিন। তিনি বলেন, ইলিশ মাছ আসলে আমাদের মতো মধ্যবিত্তের মধ্যে নেই। সবচেয়ে ছোট যে ইলিশ, সেটিও প্রায় হাজার টাকা কেজি। সাড়ে ৮০০ গ্রাম একটি ইলিশ মাছ কিনলাম ২ হাজার টাকা দিয়ে।

তিনি আরও বলেন, বাজারের কোন মাছ ভালো আর কোনটা মন্দ, সেটাও চিনে কেনা কষ্টকর। ইলিশ মাছের দাম সোনার মতো হয়ে গেছে। মাছ মাপ দেওয়ার সময় শরীরে বরফ লাগিয়ে দেওয়া হয়। ওজন মাপার মেশিনেও একটু বরফ গলা পানি জমিয়ে রাখার চেষ্টা করেন অনেকে।

টাউন হল বাজারের মাছ বিক্রেতা বাদশা বলেন, আমি ৫২ বছর ধরে মাছের ব্যবসা করছি। দেশে এখন ইলিশের চাহিদা থাকলেও সাপ্লাই অনেক কম। এর ওপর আবার ঘাটে ঘাটে বাটপারে ভরা। ইলিশ মাছ দেশের নদীতে পাওয়া যায়, সেগুলো পালতে কোনো টাকা লাগে না। তারপরও সোনার মতো দাম ইলিশ মাছের।

তিনি বলেন, মাছ শুধু দেখলেই হবে না, চিনে কিনতে হবে। সবাই তো আর মাছ চিনে কিনতে পারবে না। কোনটি কোল্ড স্টোরের মাছ আর কোনটি তাজা মাছ, বেশিরভাগ ক্রেতাই তা চিনতে পারেন না। আর এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা কম দামের মাছ বেশি দামে বিক্রি করেন।

ক্রেতাদের অভিযোগ, ইলিশের চড়া দামের পাশাপাশি মাছের ওজন নিয়েও নানা ধরনের কারসাজির আশঙ্কা রয়েছে। বরফসহ মাছ ওজন করায় প্রকৃত মাছের ওজন নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। ফলে বাড়তি দাম দিয়ে মাছ কিনেও ক্রেতারা পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না।

ব্যবসায়ীদের দাবি, বাজারে ইলিশের সরবরাহ কম থাকায় দাম বেশি। একই সঙ্গে মাছের আকার ও মানের ওপর ভিত্তি করে দামের পার্থক্য হচ্ছে। কোল্ড স্টোরে সংরক্ষিত ইলিশের দাম তুলনামূলক কম হলেও তাজা ইলিশের চাহিদা বেশি থাকায় এর দাম আরও বেশি।

বর্তমানে বাজারে ৬০০ টাকা থেকে শুরু করে ৩ হাজার টাকা পর্যন্ত ইলিশ পাওয়া গেলেও, বড় ও ভালো মানের ইলিশ কিনতে মধ্যবিত্ত ক্রেতাদের হিমশিম খেতে হচ্ছে। ক্রেতাদের প্রত্যাশা, বাজারে ইলিশের সরবরাহ বাড়লে দামও কিছুটা কমবে।

এসএএ/জেআই

বিজ্ঞাপন