বিজ্ঞাপন

বিকল্প যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে ফায়ার সার্ভিস-এআরএবির যৌথ অনুশীলন

বিকল্প যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে ফায়ার সার্ভিস-এআরএবির যৌথ অনুশীলন

বড় ধরনের দুর্যোগে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়লেও উদ্ধার কার্যক্রম সচল রাখতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এআরএবি) যৌথ কমিউনিকেশন এক্সারসাইজ (অনুশীলন) সম্পন্ন করেছে। তিন দিনব্যাপী এ অনুশীলন ২৩ আগস্ট শুরু হয়ে ২৫ আগস্ট শেষ হয়েছে।

আজ (মঙ্গলবার) ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেল এ তথ্য জানায়।
 
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে, দুর্যোগকালীন দেশব্যাপী বিকল্প যোগাযোগ ব্যবস্থা স্থাপন এবং অপারেশনাল কার্যক্রম সচল রাখার লক্ষ্যে এ অনুশীলনের আয়োজন করা হয়। ফায়ার সার্ভিসের যোগাযোগ ব্যবস্থা কোনো কারণে অচল হয়ে পড়লে এআরএবির সদস্যরা কীভাবে ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে বিকল্প যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপন করবেন, মূলত সেটিই অনুশীলন করা হয়।
 
২৩ আগস্ট সকাল ১০টায় অনুশীলনের উদ্বোধন করেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান, পিএসসি। এ সময় ফায়ার সার্ভিস অধিদপ্তরের উপপরিচালক (অপারেশনস ও মেইনটেন্যান্স) মো. মামুনুর রশিদ, ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন, বিএফএম, বিএফএম (এস), এআরএবির সাধারণ সম্পাদক অনূপ কুমার ভৌমিকসহ ফায়ার সার্ভিস ও এআরএবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের নির্দেশনায় বড় দুর্যোগে উদ্ধার কার্যক্রম সঠিকভাবে পরিচালনা এবং পারস্পরিক যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখার উদ্দেশ্যে এ অনুশীলন করা হয়।

ফায়ার সার্ভিস জানায়, অনুশীলনে দেশের আট বিভাগের ১৬টি স্থানে বিভিন্ন দুর্যোগ পরিস্থিতি মোকাবিলার মহড়া অনুষ্ঠিত হয়। এর মধ্যে ভূমিকম্প, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, তেজস্ক্রিয়তা ও ভূমিধসের মতো দুর্যোগ পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রম পরিচালনার অনুশীলন করা হয়। একই সঙ্গে ফায়ার সার্ভিস ও এআরএবির পারস্পরিক সমন্বয় এবং দুর্যোগের সময় একসঙ্গে কাজ করার প্রক্রিয়াও অনুশীলন করা হয়। অনুশীলনের দ্বিতীয় দিন সোমবার (২৪ আগস্ট) মিরপুরে উপস্থিত হয়ে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। এ সময় তিনি সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
 
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় অনুশীলনের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি।

পরে বিকেল সাড়ে ৩টায় অনুশীলন কার্যক্রমের সমাপ্তি হয়। ফায়ার সার্ভিসের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার (ইওসি), মিরপুর থেকে পরিচালক (অপারেশনস ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান দেশের বিভিন্ন বিভাগের ফায়ার সার্ভিস কর্মকর্তা ও এআরএবি প্রতিনিধিদের সঙ্গে বেতার যোগাযোগ স্থাপন করেন। পরে জুম মিটিংয়ের মাধ্যমে সার্বিক অনুশীলন কার্যক্রমের মূল্যায়ন শেষে সমাপ্তি ঘোষণা করা হয়।

এমএসি/এনএফ