বিজ্ঞাপন

সম্পদ হিসাব না দেওয়ায় সাবেক মন্ত্রী টুকুর ছেলের বিরুদ্ধে মামলা করবে দুদক

সম্পদ হিসাব না দেওয়ায় সাবেক মন্ত্রী টুকুর ছেলের বিরুদ্ধে মামলা করবে দুদক

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকুর ছেলে পাবনার বেড়া পৌরসভার সাবেক মেয়র এস এম আসিফ শামসের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অনুমোদিত মামলার প্রতিবেদন সূত্রে জানা যায়, এস এম আসিফ শামস সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সাবেক ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকুর ছেলে। টুকুর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অর্থনৈতিক অপরাধে জড়িয়ে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সময় তার ছেলে আসিফ শামসের সম্পদের হিসাব নেওয়ার উদ্যোগ নেয় দুদক। অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. আল-আমিন আসিফ শামসের নামে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সুপারিশ করেন। এরপরে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তার নামে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়।

দুদক সূত্রে জানা যায়, কনস্টেবল-৬৪৮ জামাল উদ্দিনের মাধ্যমে আসিফ শামসের স্থায়ী ঠিকানায় সম্পদ বিবরণী ফরম পাঠানো হয়। দুই সাক্ষীর উপস্থিতিতে গত ১৬ জানুয়ারি তার কাছে সম্পদ বিবরণী ফরম জারি করা হয়। আইন অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের জন্য তাকে ২১ কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি সেই সময়সীমা শেষ হলেও তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি। এমনকি সময় বাড়ানোর জন্যও কোনো আবেদন করেননি। ফলে নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় তার বিরুদ্ধে নন-সাবমিশন মামলা করার অনুমোদন দিয়েছে কমিশন।

সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. শামসুল হক টুকু এবং তার সন্তানদের নামে ৩৭ কোটি ৩৯ লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগে ২০২৫ সালের ২৩ ডিসেম্বর মামলা করা হয়। এর মধ্যে ৩ কোটি ৫৯ লাখ ২৪ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শামসুল হকের নামে মামলা হয়। ওই সময়ে ছেলে এস এম আসিফ শামস এবং তার মেয়ে মুমতাহিন ও মেয়ের জামাই মোস্তফা এস এম নাসিফ শামসের সম্পদের নোটিশ জারির সিদ্ধান্ত হয়। তাদের বিষয়টি বর্তমানে দুদকের অনুসন্ধানে রয়েছে।

আসিফ শামস পাবনার বেড়া পৌরসভার সাবেক মেয়র। তার পিতা মো. শামসুল হক টুকু আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ছিলেন। ২০২৪ সালের ১৪ আগস্ট শামসুল হক টুকুকে গ্রেপ্তার করে পুলিশ।

আরএম/এমএন

বিজ্ঞাপন