বিজ্ঞাপন

ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে চট্টগ্রামে আনন্দ শোভাযাত্রা

ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে চট্টগ্রামে আনন্দ শোভাযাত্রা

হযরত মুহাম্মদ (সা.)-এর আগমনের স্মরণে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রামে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে। ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে নগরের পুরাতন রেলওয়ে স্টেশন থেকে শোভাযাত্রাটি বের হয়। নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এটি লালদিঘী মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা, সালাতু সালাম ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ। এতে পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম, চিন্তাবিদ, গবেষক, দার্শনিক ও শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, ইসলামের দৃষ্টিতে প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.)-এর দুনিয়ায় আগমন মানবজাতির জন্য আল্লাহর বিশেষ রহমত। তাঁর জীবন ও আদর্শকে অনুসরণ করে সত্য, ন্যায়, মানবিকতা ও কল্যাণের সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন তারা।

বক্তারা বলেন, মানুষের জীবনে শান্তি, স্বাধীনতা, মর্যাদা ও কল্যাণ প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর শিক্ষা গুরুত্বপূর্ণ। তাঁর আদর্শ থেকে দূরে সরে গেলে সমাজে অন্যায়, শোষণ, সহিংসতা ও স্বৈরাচার বাড়তে পারে বলেও তারা উল্লেখ করেন।

সমাবেশে নেতারা মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান। একই সঙ্গে মহানবী (সা.)-এর দেখানো আদর্শ অনুসরণ এবং মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়। পরে সালাতু সালাম ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

এমআর/এসএএস