চট্টগ্রামের পটিয়ায় যৌতুকের মামলায় মো. সিরাজুল ইসলাম (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ (মঙ্গলবার) দুপুরে উপজেলার জিরি ইউনিয়নের দক্ষিণ জিরি এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷ সিরাজুল ওই এলাকার আজিজুল হকের ছেলে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা গেছে, চলতি বছরের ৮ মে সিরাজুল ইসলামের সাথে আনোয়ারার নুছরাত জাহান হুমার বিয়ে হয়। বিয়ের তিনদিনের মাথায় সিরাজুল মোটরসাইকেলের জন্য ৩ লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রী হুমার পরিবারের কাছে। এ টাকা না পেয়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে হুমার পরিবার জানায়৷ এরপর চলতি বছরের ৫ জুলাই নুছরাত বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন।
সিরাজুল ইসলাম গ্লোবাল ইসলামী ব্যাংকের রাজশাহীর একটি শাখায় কর্মরত আছেন।
পটিয়া থানার কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, যৌতুকের মামলায় ওয়ারেন্টভুক্ত আমামি সিরাজুল ইসলামকে মঙ্গলবার দুপুরে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম দায়রা ও জজ আদালতের আইনজীবি অ্যাডভোকেট উৎপল দে জানান, সিরাজুল ইসলামের স্ত্রী নুছরাত জাহান হুমার করা মামলায় দীর্ঘদিন পলাতক ছিলেন। মঙ্গলবার পুলিশ গ্রেপ্তার করে আদালতে নিয়ে গেলে সেখানে জামিন প্রার্থনা করা হয়। শুনানি শেষে চট্টগ্রাম দায়রা ও জজ আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা আসামীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এনামুল হক নাবিদ/এনএফ
