বিজ্ঞাপন

জশনে জুলুস ঘিরে চট্টগ্রামে কঠোর নিরাপত্তা, সতর্ক থাকার নির্দেশ

জশনে জুলুস ঘিরে চট্টগ্রামে কঠোর নিরাপত্তা, সতর্ক থাকার নির্দেশ

পবিত্র জশনে জুলুস ঈদে মিলাদুন্নবি (স.) উপলক্ষ্যে চট্টগ্রামে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নামছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক আইনশৃঙ্খলার স্বাভাবিক গতি বজায় রাখতে নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে চারটায় দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে জশনে জুলুসের নিরাপত্তাসংক্রান্ত এক ব্রিফিং প্যারেডে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী এ কড়া নির্দেশনা দেন।

ব্রিফিং প্যারেডে সভাপতির বক্তব্যে সিএমপি কমিশনার বলেন, জশনে জুলুসের মতো সংবেদনশীল ও মহাসমাবেশে নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের বড় দায়িত্ব। শৃঙ্খলা ও সততার বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের শতভাগ সতর্ক থাকার নির্দেশ দেওয়ার পাশাপাশি পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা জশনে জুলুসের রুট, যানজট নিয়ন্ত্রণ ও নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরিতে নিজ নিজ এলাকার কৌশলগত পরিকল্পনা তুলে ধরেন।

ব্রিফিং প্যারেডে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সংস্থার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এমআর/বিআরইউ