যে সব দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (২৫ আগস্ট) নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং অবৈধ উপায়ে বিদেশে যাত্রা প্রতিরোধ করার লক্ষ্যে সুনামগঞ্জে এক সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বৈধভাবে বিদেশ যাওয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কাজ এবং ভাষা শিখে দক্ষ হয়ে বিদেশ যাওয়াও সমান গুরুত্বপূর্ণ। সুনামগঞ্জে গুরুত্বপূর্ণ স্থানে কারিগরি ট্রেইনিংয়ের জন্য কেন্দ্র এবং ভাষা শিক্ষার কোর্সের জন্য উপযুক্ত স্থান নির্ধারণ করা হলে মন্ত্রণালয় থেকে যাবতীয় লজিস্টিক সাপোর্ট প্রদান করা হবে।
অবৈধ অভিবাসন রোধে সচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, সুনামগঞ্জের সব মসজিদ, মন্দির ও গির্জায় ধর্মীয় নেতাদের মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ উপায়ে বিদেশ যাওয়ার ভয়াবহতা এবং বৈধ উপায়ে গমনের সুফল প্রচার করতে হবে। আমি আশা করি, এই সচেতনতামূলক আন্দোলনের সূচনা সুনামগঞ্জ থেকেই হবে।
সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ জানান, বৈধ সুযোগের অভাবে অনেকেই অবৈধভাবে ইউরোপে যাওয়ার ঝুঁকি নিচ্ছেন। তবে আইএলও-এর 'ট্যালেন্ট পার্টনারশিপ' প্রকল্পের মাধ্যমে বর্তমানে ইতালিতে যাওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে।
এনআই/বিআরইউ
