চট্টগ্রাম বন্দরের প্রধান চ্যানেল ও বহির্নোঙর এলাকায় নৌ-চলাচল নিরাপদ, নির্বিঘ্ন ও ঝুঁকিমুক্ত রাখতে বিশেষ অভিযান চালিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ কোস্টগার্ডের সহায়তায় পরিচালিত এই অভিযানে জাহাজ চলাচলের পথে অবৈধভাবে স্থাপিত ছয়টি বেহুন্দি জাল জব্দ করা হয়।
বন্দর কর্তৃপক্ষ জানায়, বন্দরের প্রধান নেভিগেশনাল চ্যানেল ও বহির্নোঙর এলাকায় নৌ-চলাচল নিরাপদ রাখা এবং জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ কার্যক্রম প্রতিরোধের লক্ষ্যে এ অভিযান চালানো হয়।
অভিযানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্ধারকারী জাহাজ ‘কাণ্ডারি-১২’ ও চারটি স্থানীয় বোটের মাধ্যমে মূল শিপিং চ্যানেল ও বহির্নোঙর এলাকায় তদারকি ও উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। বাংলাদেশ কোস্টগার্ডের একটি জাহাজ ও একটি বোট এই অভিযানে সরাসরি সহযোগিতা করে।
অভিযান চলাকালে নেভিগেশনাল চ্যানেল ও জাহাজ চলাচলের পথে অবৈধভাবে স্থাপিত ছয়টি বেহুন্দি জাল জব্দ করা হয়। পাশাপাশি নৌ-চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অন্যান্য কার্যক্রমের বিষয়েও তদারকি করা হয়। এ সময় নেভিগেশনাল রুটে অবস্থানরত ফিশিং বোটগুলোকে চ্যানেল এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
সংশ্লিষ্ট মাঝি-মাল্লাদের নৌ-চলাচল রুট ও নেভিগেশনাল চ্যানেলে পুনরায় অবৈধভাবে জাল স্থাপন না করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়। এ ছাড়া 'ভিএইচএফ' চ্যানেল ১২ ও ১৬-এর সাধারণ সম্প্রচারের মাধ্যমে সংশ্লিষ্ট মাঝি-মাল্লা ও নৌযানগুলোকে নির্ধারিত নৌ-চলাচল রুট মেনে চলা এবং নেভিগেশনাল চ্যানেলে জাল স্থাপন থেকে বিরত থাকার বিষয়ে সচেতন করা হয়।
বন্দর কর্তৃপক্ষ আরও জানায়, চট্টগ্রাম বন্দরের নেভিগেশনাল নিরাপত্তা বজায় রাখা, জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা দূর করা এবং কর্ণফুলী চ্যানেল ও বহির্নোঙর এলাকায় অবৈধ কার্যক্রম প্রতিরোধে বন্দর কর্তৃপক্ষ ও কোস্টগার্ডের সমন্বিত তদারকি, অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এমআর/বিআরইউ
