বিজ্ঞাপন

সব প্রধান নদীর পানি বিপৎসীমার নিচে

সব প্রধান নদীর পানি বিপৎসীমার নিচে

দেশের সব প্রধান নদ-নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী তিন দিন সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাতের আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।

বুধবার (২৬ আগস্ট) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত ‘বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাস’ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ঝাড়খন্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি কমেছে। আগামী তিন দিন পানি আরও কমতে পারে, এরপর পরবর্তী দুই দিন বাড়তে পারে। অন্যদিকে গঙ্গা-পদ্মা নদ-নদীর পানি বেড়েছে। আগামী দুই দিন পানি বাড়তে পারে এবং পরবর্তী তিন দিন স্থিতিশীল থাকতে পারে। তবে এসব নদীর পানি বিপৎসীমার নিচেই থাকবে।

পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের মুহুরী, সেলোনিয়া ও সাঙ্গু নদীর পানি বেড়েছে। অপরদিকে গোমতী, ফেনী ও মাতামুহুরী নদীর পানি কমেছে এবং হালদা নদীর পানি স্থিতিশীল রয়েছে। এসব নদী বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আগামী তিন দিন পানি স্থিতিশীল থাকতে পারে।

উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। এসব নদীর পানি আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে এবং বিপৎসীমার নিচেই প্রবাহিত হবে।

এদিকে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানিও কমেছে। আগামী দুই দিন পানি আরও কমতে পারে এবং তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে।

এমএইচএন/আরএফ