নকল স্ট্যাম্প ব্যান্ডরোল ব্যবহার করে লাখ লাখ সিগারেট উৎপাদন ও শুল্ক-কর ফাঁকির অভিযোগে মানিকগঞ্জের শিবালয়ের বিউটি টোব্যাকো কোম্পানির কারখানা সিলগালা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ফৌজদারি মামলাও করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) এনবিআরের এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
এনবিআর জানায়, গত ১১ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশ এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, মানিকগঞ্জের একটি যৌথ দল শিবালয়ে অবস্থিত বিউটি টোব্যাকো কোম্পানিতে অভিযান চালায়। অভিযানে কিং ব্লাক, ডি অ্যান্ড জি, ডলার, সেনর গোল্ড ও বার্বি ব্র্যান্ডের ৩ লাখ ৭০ হাজার শলাকা সিগারেট এবং ১৩ হাজার পিস অব্যবহৃত স্ট্যাম্প ব্যান্ডরোল জব্দ করা হয়। জব্দ করা ব্যান্ডরোল ও সিগারেটের সত্যতা যাচাইয়ের জন্য পরদিন ১২ আগস্ট গাজীপুরের দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন লিমিটেডে নমুনা পাঠানো হয়। গত ২৩ আগস্ট প্রতিষ্ঠানটি পরীক্ষার প্রতিবেদন দিয়ে জানায়, ডলার ব্র্যান্ডের সিগারেটের গায়ে ব্যবহৃত স্ট্যাম্প ব্যান্ডরোল এবং জব্দ করা অব্যবহৃত ব্যান্ডরোল নকল।
এনবিআর আরও জানায়, আটক ৩ লাখ ৭০ হাজার শলাকা সিগারেটের মধ্যে ৯০ হাজার শলাকায় নকল ব্যান্ডরোল ব্যবহার করা হয়েছিল। এছাড়া ১৩ হাজার পিস অব্যবহৃত নকল ব্যান্ডরোলও উদ্ধার করা হয়েছে। এসব নকল ব্যান্ডরোলের মাধ্যমে প্রায় ১১ লাখ ৩২ হাজার টাকার শুল্ক-কর ফাঁকির চেষ্টা করা হয়েছে।
এ ঘটনায় বিউটি টোব্যাকো কোম্পানির বিরুদ্ধে আজ দ্য স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪-এর ২৫এ, ২৫বি, ২৫ডি ও ২৫ই ধারায় মানিকগঞ্জের শিবালয় থানায় ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পাশাপাশি কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ করে সিলগালা করা হয়েছে।
অবৈধ তামাকজাত পণ্যের উৎপাদন, মজুদ ও বাজারজাতকরণের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে বলেও জানায় এনবিআর।
আরএম/আরএফ
