কোনো মাজার ধ্বংস করা হলে আমরা ঘরে বসে থাকব না বলে মন্তব্য করে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘পীর-তরিকতের মাজার বা কোনো ধর্মীয় স্থান ভাঙচুর করতে দেওয়া হবে না।’
বুধবার (২৬ আগস্ট) পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর সদরের বিজয় চত্বরে আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে জশনে জুলুসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘গত অন্তর্বর্তী সরকারের আমলে দেশের ১২৭টি মাজার ধ্বংসের চেষ্টা করা হয়েছিল। একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমান মাজারের খাদেমকে পুড়িয়ে হত্যা করেছেন। ভবিষ্যতে কোনো মাজার ধ্বংস করা হলে আমরা আর ঘরে বসে থাকব না।’
তিনি বলেন, ‘আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে চাই না। মহানবী হজরত মুহাম্মদ (সা.) আমাদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্য পৃথিবীতে এসেছিলেন। আমরা তাঁর আদর্শ ও নীতি অনুসরণ করে ঐক্যবদ্ধ থাকব।’
কৃষি ও উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘যেখানে সারের ডিলার নেই, সেখানে ডিলার নিয়োগ দেওয়া হবে। কৃষককে যেন বেশি দামে সার কিনতে না হয়, সে ব্যবস্থা করা হবে। সোলার প্রকল্পের মাধ্যমে বিদ্যুতের চাহিদা পূরণের উদ্যোগ নেওয়া হবে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বয়স্ক ভাতা ও কৃষক কার্ডসহ সব কার্যক্রম বাস্তবায়ন করা হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হামিদুল ইসলাম। বক্তব্য দেন উপজেলা শাখার উপদেষ্টামণ্ডলীর প্রধান গোলাম মাহবুব জিহাদী।
এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, পঞ্চগড় পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ বারী, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম প্রমুখ।
এএইচআর/এমএসএ
