চট্টগ্রামের পটিয়ায় লোকালয় থেকে বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের বৈদ্যপাড়া এলাকা থেকে বন বিভাগের সহায়তায় বানরটি উদ্ধার করে ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিম বাংলাদেশ।
স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার রাতে বৈদ্যপাড়া এলাকার একটি পরিবারের কাছে বানরটি পাওয়া যায়। পরে তারা এটি বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখেন। খবর পেয়ে বুধবার সকালে বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান ‘ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিম বাংলাদেশ’-এর সদস্যরা। পরে বানরটি উদ্ধার করা হয়।
ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিম বাংলাদেশের প্রতিষ্ঠাতা নাঈম উদ্দিন বিজয় বলেন, লজ্জাবতী বানর বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী। এটি রক্ষা করা সবার দায়িত্ব। কোনো বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে সেটিকে আটক বা বিক্রি না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য তিনি আহ্বান জানান।
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক বলেন, উদ্ধার করা লজ্জাবতী বানরটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা হবে। পরে এটি প্রকৃতিতে অবমুক্ত করার উপযোগী হলে উপযুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হবে।
আরএমএন/আরএফ
