বিজ্ঞাপন

সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরমান উদ্দিন (৩০) নামে এক বৈদ্যুতিক মেকানিকের মৃত্যু হয়েছে। নিহত আরমান স্থানীয় জামায়াতের কর্মী ছিলেন।

বুধবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার এঁওচিয়া ইউনিয়নের গাটিয়াডেঙ্গা ওয়াহিদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আরমান উদ্দিন ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তিনি এক কন্যাসন্তানের জনক ছিলেন।

স্থানীয়রা জানান, আরমান উদ্দিন পেশায় বৈদ্যুতিক মেকানিক ছিলেন। দুপুরে পাশের একটি বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৃত অবস্থায় পান।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, এঁওচিয়া এলাকায় এক ব্যক্তির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমআর/আরএফ