বিজ্ঞাপন

অনলাইনে অস্ত্র বিক্রির নামে প্রতারণা, নড়াইলে গ্রেপ্তার ২

অনলাইনে অস্ত্র বিক্রির নামে প্রতারণা, নড়াইলে গ্রেপ্তার ২

অনলাইনে অস্ত্র বিক্রির নামে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে নড়াইল থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ। গ্রেপ্তাররা হলেন মো. আকাশ শেখ (২৩) ও রুমান শেখ (২৪)।

বুধবারে (২৬ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন ও ভিডিও প্রচার করে হোয়াটসঅ্যাপে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করতেন। এরপর ক্রেতার কাছ থেকে অগ্রিম টাকা নেওয়ার পর তাকে ব্লক করে দিতেন। এভাবে তারা প্রতারণা করে আসছিলেন।

তিনি আরও জানান, গত ২৩ আগস্ট সাইবার অপরাধ পর্যবেক্ষণের সময় ‘সোনালী পিস্তল হাউজ বেনাপোল’ নামে একটি ফেসবুক পেজে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন দেখতে পায় ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের একটি টিম। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পেজটির অ্যাডমিনদের অবস্থান শনাক্ত করা হয়।

নিয়াজ মেহেদী বলেন, সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাতে নড়াইল জেলার সদরের ধোন্দা ও রঘুনাথপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে আকাশ শেখ ও রুমান শেখকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় রমনা মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে জানিয়ে ডিএমপির এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার দুজনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এমএসি/এসএম