নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা এবং ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক জানিয়েছে বাংলাদেশ।
বুধবার (২৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালের পরিস্থিতি নিয়ে পাওয়া বিভিন্ন প্রতিবেদনে শত শত মানুষের নিখোঁজ হওয়ার কথা জানা গেছে। নিখোঁজদের অনেকেই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের মধ্যে পর্যটকরাও রয়েছেন।
উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নেপালকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ ও সরকার এই কঠিন সময়ে নেপাল সরকার এবং দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে।
দুর্যোগে নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বাংলাদেশ দ্রুত নিখোঁজদের সন্ধান ও আহতদের চিকিৎসা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেছে।
নেপালে আকস্মিক বন্যার ঘটনায় এখন পর্যন্ত ৯৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর নিশ্চিত করেছে। এদিকে নেপাল পর্যটন বোর্ডের সর্বশেষ তথ্যমতে, এখনো ৪০৩ জন নিখোঁজ রয়েছেন।
এনআই/এসএম
