বিজ্ঞাপন

ছিনতাইকারীকে বমি করিয়ে স্বর্ণের কানের দুল উদ্ধার করলো পুলিশ

ছিনতাইকারীকে বমি করিয়ে স্বর্ণের কানের দুল উদ্ধার করলো পুলিশ

রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে এক নারীর স্বর্ণের কানের দুল ছিনিয়ে নিয়ে পালানোর সময় মো. সেলিম (২৮) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে ছিনতাই করা দুলটি গিলে ফেলার কথা জানালে বমি করিয়ে তার পেট থেকে সেটি উদ্ধার করা হয়।
 
বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটে যাত্রাবাড়ী মোড়ে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, দায়িত্ব পালনকালে এক নারীর চিৎকার শুনে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা দেখতে পান, এক ব্যক্তি ছিনতাই করে দৌড়ে পালাচ্ছেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। আটকের পর সেলিমের দেহ তল্লাশি করে স্বর্ণের কানের দুল পাওয়া যায়নি। পরে জিজ্ঞাসাবাদে তিনি জানান, ছিনতাই করা দুলটি গিলে ফেলেছেন। এরপর বমি করানোর মাধ্যমে তার পেট থেকে স্বর্ণের কানের দুলটি উদ্ধার করা হয়।
 
তিনি আরও জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তি ও ভুক্তভোগী নারীকে যাত্রাবাড়ী থানায় পাঠানো হয়েছে।

এমএসি/এমএসএ