রাজধানীর দয়াগঞ্জ মোড়ে ট্রাফিক পুলিশের চেকপোস্টে মোটরসাইকেল থামিয়ে শিশির (২৫) নামে এক যুবককে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে দয়াগঞ্জ মোড় চৌরাস্তার বাম পাশে ট্রাফিক ওয়ারী জোনের নিয়মিত চেকপোস্ট চলাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, চেকপোস্টে একটি মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই করা হচ্ছিল।
এ সময় মোটরসাইকেলটির চালক শিশিরের কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি চালানো হয়। পরে ব্যাগের ভেতরে থাকা নীল রঙের কার্ডহোল্ডার থেকে ১০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
তিনি বলেন, পরে শিশিরকে উদ্ধার করা গাঁজা ও মোটরসাইকেলসহ গেন্ডারিয়া থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তার শিশিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এমএসি/এমএসএ
