উত্তরাঞ্চলে বৃষ্টিপাত বাড়লে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতলও বাড়তে পারে। আগামী দুই দিন এসব নদীর পানি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে বর্তমানে তিন নদীর পানিই বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী ও দায়িত্বরত কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম শোভনের দেওয়া নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের তিস্তা ও দুধকুমার নদীর পানি সমতল বেড়েছে। অপরদিকে ধরলা নদীর পানি সমতল কমেছে। তিন নদীর পানিই বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
আগামী দুই দিন তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বাড়তে পারে। এরপর তৃতীয় দিন পানি স্থিতিশীল থাকতে পারে। ফলে উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়লে নদীগুলোর পানি আরও দ্রুত বাড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী তিন দিন দেশের অভ্যন্তরে রংপুর বিভাগে মাঝারি-ভারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। একই সময়ে উজানেও বৃষ্টিপাত হতে পারে। এতে উত্তরাঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকতে পারে।
তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী কয়েক দিনে তিস্তা, ধরলা ও দুধকুমারের পানি বাড়লেও এখনই বিপৎসীমা অতিক্রমের কোনো তথ্য নেই।
এমএইচএন/জেডএস
