চট্টগ্রামের ফটিকছড়িতে উচ্চ ভোল্টেজের একটি বৈদ্যুতিক টাওয়ারের ওপর প্রায় চার ঘণ্টা ধরে বসে থাকা এক যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার পূর্ব ভূজপুর থানার ফকিরহাট এলাকায় বিদ্যুতের জাতীয় গ্রিডের টাওয়ারের ওপর থেকে তাকে নামানো হয়।
উদ্ধার হওয়া যুবকের নাম তানজিব (২৫)। তিনি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক-দুই মাস আগে পরিবারের সঙ্গে ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে এসেছিলেন তানজিব। সেখানে তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে হারিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর পরিবার তাকে না পেয়ে নিজ এলাকায় ফিরে যায়। বর্তমানে তাকে ভূজপুর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
ঘটনার সময় স্থানীয় লোকজন হঠাৎ ওই যুবককে টাওয়ারের একদম উঁচুতে বসে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন।
স্থানীয় বাসিন্দা মো. ইশতিয়াক (৩৫) বলেন, 'তাকে আমরা কেউ চিনি না, সে এখানকার স্থানীয়ও নয়। সম্ভবত অন্য কোনো এলাকা থেকে এখানে এসে সে এ কাণ্ড ঘটিয়েছে। তাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় বৈদ্যুতিক খুঁটিতে ঝুলতে দেখে আমরা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে তাকে নিরাপদে নিচে নামিয়ে আনেন।'
ফটিকছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মো. কামাল উদ্দীন বলেন, 'খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি দল ঘটনাস্থলে যায় এবং দীর্ঘ চেষ্টার পর তাকে নিরাপদে উদ্ধার করি। এত উচ্চ ভোল্টেজের একটি বৈদ্যুতিক খুঁটিতে সে কীভাবে এবং কেন উঠল, তা নিশ্চিত বলা যাচ্ছে না। তবে তার আচরণ ও শারীরিক অবস্থা দেখে মানসিকভাবে ভারসাম্যহীন বলেই মনে হয়েছে। উদ্ধারকাজের পরপরই তাকে স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।'
এ বিষয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঢাকা পোস্টকে বলেন, 'উদ্ধার হওয়া যুবককে বর্তমানে আমাদের হেফাজতে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্ত ও পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পরিবারের সন্ধান পেলে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।'
এমআর/আরএফ
