চট্টগ্রামের ফটিকছড়িতে ঘরের সামনে মসজিদের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাই।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার দক্ষিণ সুন্দরপুর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের সিকদার বাড়িতে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো— দক্ষিণ সুন্দরপুর গ্রামের সিকদার বাড়ির প্রবাসী জাহাঙ্গীর আলমের ছেলে মো. জাহেদ (৮) এবং একই বাড়ির প্রবাসী আব্দুল শুক্কুরের ছেলে মো. তাসিন (৮)। তারা দুজনেই স্থানীয় এককুলিয়া দারুস সুন্নাহ নূরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতদের বাবারা সম্পর্কে আপন ভাই এবং দুজনেই বর্তমানে প্রবাসে অবস্থান করছেন। একসঙ্গে দুই সন্তানের এমন আকস্মিক মৃত্যুর খবরে প্রবাস থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন দুই বাবা।
স্থানীয় বাসিন্দা মো. ইমরান বলেন, দুপুরে মাদ্রাসা থেকে ফেরার পর তারা চার শিশু একসঙ্গে মসজিদের পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে হঠাৎ করেই জাহেদ ও তাসিন গভীর পানিতে তলিয়ে যেতে থাকে। তাদের সঙ্গে থাকা অন্য শিশুদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত পুকুরে ঝাঁপিয়ে পড়েন। পানি থেকে দুজনকে উদ্ধার করার পর, একজনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং অন্যজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
উদ্ধারের পর তাদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বলেন, দুপুরে দুই মাদ্রাসাছাত্রকে মৃত অবস্থায় আনা হয়। পরে আমরা পরিবারের কাছে হস্তান্তর করি। এ বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুন।
জেআই
