বিজ্ঞাপন

মোহাম্মদপুরে অস্ত্র-ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী ম্যাগনেট বাবু গ্রেপ্তার

মোহাম্মদপুরে অস্ত্র-ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী ম্যাগনেট বাবু গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বসিলা রোড এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মো. বাবুল হোসেন ওরফে ম্যাগনেট বাবুকে (৪৩) গ্রেপ্তার করেছে র‌্যাব-২। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার, এক রাউন্ড তাজা গুলি, চার রাউন্ড গুলির খোসা ও ২ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) র‌্যাব-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে র‌্যাব-২ নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ম্যাগনেট বাবু একটি মাইক্রোবাসে মাদক সরবরাহের উদ্দেশ্যে মোহাম্মদপুর থানাধীন তিন রাস্তা মোড়গামী বসিলা রোড দিয়ে যাবে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২-এর একটি আভিযানিক দল ওই সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে।

মেজর মুবীন রহমান তাপস বলেন, তল্লাশির একপর্যায়ে একটি মাইক্রোবাস থামানো হলে চালকের কথাবার্তায় অসংলগ্নতা লক্ষ্য করা যায়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে র‌্যাব জানতে পারে, সে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মো. বাবুল হোসেন ওরফে ম্যাগনেট বাবু।

তিনি বলেন, পরে বিশেষ সতর্কতার সঙ্গে মাইক্রোবাস ও তাকে তল্লাশি করে একটি বিদেশি রিভলভার, এক রাউন্ড তাজা গুলি, চার রাউন্ড গুলির খোসা এবং ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, আটকের পর জিজ্ঞাসাবাদে ম্যাগনেট বাবুর দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানাধীন চরওয়াশপুর এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে আরও ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে তার কাছ থেকে ২ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে র‌্যাব জানতে পারে, ম্যাগনেট বাবু দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাস ও অস্ত্রবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

মেজর এম মুবীন রহমান তাপস বলেন, প্রিভিয়াস কনভিকশন অ্যান্ড প্রিভিয়াস রেকর্ড (পিসিপিআর) যাচাই করে দেখা গেছে, ম্যাগনেট বাবু ডিএমপির কাফরুল থানায় একটি দস্যুতা মামলায় অভিযুক্ত। এছাড়া চাঁদপুরের মতলব দক্ষিণ থানায় বেপরোয়া গাড়ি চালিয়ে মৃত্যুর ঘটনায় দায়ের করা একটি মামলাতেও সে অভিযুক্ত।

গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা আলামতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এসএএ/আরএফ