বিজ্ঞাপন

এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা কমিটির কর্মসূচি

এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা কমিটির কর্মসূচি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলের দাবিতে আন্দোলন জোরদারের ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা কমিটি, চট্টগ্রাম। এ দাবিতে ঢাকায় মশাল মিছিল, আলোচনা সভা এবং চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশসহ তিনটি কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বন্দর রক্ষা কমিটি, চট্টগ্রামের সভায় এসব কর্মসূচি ঘোষণা করা হয়। কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন সদস্যসচিব ফজলুল কবির মিন্টু।

সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের বৈদেশিক বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার। আমদানি-রপ্তানি, অর্থনীতি, কর্মসংস্থান ও জাতীয় নিরাপত্তার সঙ্গে বন্দরের স্বার্থ সরাসরি যুক্ত। তাই বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনাল দীর্ঘমেয়াদে বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার আগে এর অর্থনৈতিক, কৌশলগত ও জাতীয় নিরাপত্তাজনিত প্রভাব নিয়ে ব্যাপক আলোচনা হওয়া প্রয়োজন।

তাদের বক্তব্য, বন্দর পরিচালনা ও উন্নয়নের নামে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, যাতে রাষ্ট্রের রাজস্ব আয় কমে যায়, বন্দরের ওপর সরকারের নিয়ন্ত্রণ দুর্বল হয় কিংবা ভবিষ্যতে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব প্রশ্নের মুখে পড়ে। তারা এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার প্রক্রিয়া থেকে সরকারকে অবিলম্বে সরে আসার আহ্বান জানান।

সভায় ৩১ আগস্ট ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। বন্দর রক্ষা ও করিডোরবিরোধী আন্দোলন এবং বন্দর রক্ষা কমিটি, চট্টগ্রামের যৌথ উদ্যোগে এ মিছিল হবে।

এ ছাড়া ৪ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বন্দরের এনসিটি-সিসিটি ইজারা : বাংলাদেশের অর্থনীতি, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর হুমকি শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

১৪ সেপ্টেম্বর বেলা ১১টায় চট্টগ্রামের বারিক বিল্ডিং মোড় থেকে বন্দর অভিমুখে বিক্ষোভ সমাবেশ ও কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

সভায় টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত, বন্দর সিবিএর সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, জাতীয়তাবাদী শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন এবং জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিমসহ অন্যরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরের স্বার্থ রক্ষার বিষয়টি কোনো একক রাজনৈতিক দল বা সংগঠনের বিষয় নয়। এটি দেশের অর্থনীতি, জাতীয় সম্পদ ও সার্বভৌমত্বের সঙ্গে সম্পর্কিত। তাই বন্দর রক্ষার আন্দোলনে শ্রমিক, ব্যবসায়ী, পেশাজীবী, রাজনৈতিক দল ও নাগরিক সমাজসহ সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করার আহ্বান জানান তারা।

সভা থেকে সরকারের প্রতি এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার চলমান প্রক্রিয়া বন্ধ করে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে বন্দরের ভবিষ্যৎ ব্যবস্থাপনা ও উন্নয়নে স্বচ্ছতা, জবাবদিহি ও জনস্বার্থ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

এমআর/আরএফ