বিজ্ঞাপন

ভূমি ব্যবস্থাকে শতভাগ দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার : ভূমি সচিব

ভূমি ব্যবস্থাকে শতভাগ দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার : ভূমি সচিব

সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় ভূমি মন্ত্রণালয়ে জনবল নিয়োগ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। 

তিনি বলেন, সরকার ভূমি ব্যবস্থাকে শতভাগ দুর্নীতিমুক্ত ও হয়রানিমুক্ত করতে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে সনাতন পদ্ধতির বদলে ডিজিটাল ও স্বয়ংক্রিয় সেবা ব্যবস্থার ওপর জোর দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সম্মেলন কক্ষে নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিনিয়র সচিব বলেন, ‘চাকরি প্রাপ্তির সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে তরুণ মেধাবীরা তাদের যোগ্যতার ভিত্তিতে দেশসেবার সুযোগ পাচ্ছেন। এই স্বচ্ছতার সম্মান ধরে রাখতে কর্মজীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’

ভূমি সেবার জটিলতা ও সংস্কারের নানা দিক তুলে ধরে এ এস এম সালেহ আহমেদ বলেন, ‘ভূমি ব্যবস্থাপনা একটি অত্যন্ত জটিল বিষয়। বিভিন্ন সময়ে ভূমি সংক্রান্ত আইন ও মালিকানায় নানা পরিবর্তন এসেছে। তবে বর্তমানে ভূমি সেবাকে ডিজিটালাইজ করা হচ্ছে, যাতে নাগরিকরা ঘরে বসেই সেবা পেতে পারেন।’

তিনি বলেন, প্রবাসীদের জন্য +৮৮০৯৬১২৩১৬১২২ এবং দেশের অভ্যন্তরে ১৬১২২ নম্বরসহ ২৪ ঘণ্টার কলসেন্টার সেবা চালু রয়েছে। পাশাপাশি জেলা পর্যায়ে ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ (এলএসএফসি) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সব জেলা কার্যালয়ে ভূমি সেবা কেন্দ্র স্থাপনের কাজও এগিয়ে চলছে।

এমএম/এসএম