বিজ্ঞাপন

কিছু সময় দিন, প্রজন্মকে সবাই মিলে বদলে দেব : ধর্ম প্রতিমন্ত্রী

কিছু সময় দিন, প্রজন্মকে সবাই মিলে বদলে দেব : ধর্ম প্রতিমন্ত্রী

কিছু সময় দিন, প্রজন্মকে সবাই মিলে বদলে দেব বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। তিনি বলেছেন, জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করব, ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীর বারিধারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ২০২৬ উপলক্ষ্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাসূল (সা.) এর জীবনে উৎকৃষ্টতাই ছিলো প্রধান বিষয়। আমাদেরকে সকল ক্ষেত্রে উৎকৃষ্টতার দিকে যেতে হবে। তাহলে আমরা সফলকাম হতে পারব।

আল কুরআন থেকে উদ্ধৃতি দিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, রাসূলুল্লাহ (সা.) এর চরিত্রে রয়েছে উত্তম আদর্শ এবং আল্লাহ পাক রাসূল (সা.) বিশ্ব জগতের জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছেন। রাসূল (সা.) এর দেখানো পথ ও পদ্ধতি সর্বান্তঃকরণে বাস্তবায়নের চেষ্টা করার অনুরোধ জানাচ্ছি। এছাড়া, যে সকল বিষয় মহানবী (সা.) নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন একজন নিঃস্বার্থ ও মানবতাবাদী মানুষ। তার জীবন আমাদের দেখায়, একজন মানুষ কীভাবে শুধু একটি জাতির কল্যাণেই নয়, বরং সমগ্র মানবজাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ, এনএসইউর ডিপার্টমেন্ট অব ম্যানেজমেন্টের চেয়ারম্যান ড. জিয়াউল হক আদনান। অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাত, প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

শেষে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র প্রভাষক এম এম নওয়াজ আমিন দোয়া পরিচালনা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

এমএইচএন/আরএফ