বিজ্ঞাপন

রেডিওলজি টেকনোলজিস্টদের ১০ম গ্রেডের দাবিতে সুপারিশের আশ্বাস

রেডিওলজি টেকনোলজিস্টদের ১০ম গ্রেডের দাবিতে সুপারিশের আশ্বাস

দেশে কর্মরত রেডিওলজি টেকনোলজিস্টদের দ্রুত নিয়োগ, কর্মসংস্থান এবং উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্টস আয়োজিত ‘১৭তম ন্যাশনাল কনফারেন্স অ্যান্ড সায়েন্টিফিক সেমিনার-২০২৬’-এ বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

দুই দিনব্যাপী এ আয়োজন ২৭ ও ২৮ আগস্ট রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে অনুষ্ঠিত হচ্ছে।

রফিকূল ইসলাম বলেন, সারাদেশে প্রায় ১২ হাজার রেডিওলজি টেকনোলজিস্ট রয়েছেন। দেশের স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে এই বিপুলসংখ্যক দক্ষ জনশক্তিকে কাজে লাগাতে সরকারি ও বেসরকারি পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।

তিনি বলেন, সরকার ইতোমধ্যে প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে। এর পাশাপাশি রেডিওলজি টেকনোলজিস্টদের নিয়োগের বিষয়েও দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। স্বাস্থ্যসেবার আধুনিকায়নে দক্ষ টেকনোলজিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশের রেডিওলজি টেকনোলজিস্টদের দক্ষতার প্রশংসা করে তিনি বলেন, দেশের রেডিওলজি সেবার মান অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়েও স্বীকৃত। এমনকি বাংলাদেশের রেডিওলজি রিপোর্ট সিঙ্গাপুরেও গ্রহণযোগ্যতা পেয়েছে। মেশিনের মানের পাশাপাশি দক্ষ ও প্রশিক্ষিত টেকনোলজিস্টদের ভূমিকার কারণেই মানসম্মত রিপোর্ট তৈরি সম্ভব হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

রেডিওলজি টেকনোলজিস্টদের দীর্ঘদিনের দাবি ১০ম গ্রেডে উন্নীতকরণ প্রসঙ্গে অধ্যাপক রফিকূল ইসলাম বলেন, এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে সুপারিশ করার আশ্বাস প্রদান করা হবে। তাদের ন্যায্য দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

বৈজ্ঞানিক সেমিনারটির প্রশংসা করে অধ্যাপক রফিকূল ইসলাম বলেন, এ ধরনের আয়োজন রেডিওলজি ও ইমেজিং প্রযুক্তির আধুনিক জ্ঞান, দক্ষতা ও নতুন প্রযুক্তির সঙ্গে টেকনোলজিস্টদের পরিচিত করার পাশাপাশি পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন– অধ্যাপক ডা. শাহ আলম তালুকদার, অধ্যাপক হুমায়ুন কবির এবং রেডিওলজি ও ইমেজিং টেকনোলজিস্টস অ্যাসোসিয়েশনের ভারতের সভাপতি মোহনলাল ভগওয়াত, নেপালের সাধারণ সম্পাদক পাভুপ্রকাশ পিমালসিনা ও থাইল্যান্ডের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নাপাপং পোগনাপাং। সম্মেলনে দেশ-বিদেশের রেডিওলজি ও ইমেজিং প্রযুক্তিবিদরা অংশ নেন। 

এএইচআর/বিআরইউ