বিজ্ঞাপন

শাহজালাল বিমানবন্দরে ৫ কেজি কুশসহ দুই ভারতীয় গ্রেপ্তার

শাহজালাল বিমানবন্দরে ৫ কেজি কুশসহ দুই ভারতীয় গ্রেপ্তার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫ কেজি ১২০ গ্রাম কুশসহ দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তাররা হলেন- আবদুল রহমান (৪৬) ও মোহাম্মদ ইকবাল আনসারি (৪৫)। তারা ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বিমানবন্দরের নিচতলায় আগমনী হলের গ্রিন চ্যানেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএনসি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্যালয়ের সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে একটি বিশেষ দল দুপুর ১টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেলে অবস্থান নেয়।

এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে ঢাকায় আসা ওই দুই ভারতীয় নাগরিককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষী এবং বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার সদস্যদের সামনে তাদের ট্রাভেল ট্রলি তল্লাশি করা হয়। এ সময় কাপড়ের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা ৫ কেজি ১২০ গ্রাম কুশ উদ্ধার করা হয়।

এ ছাড়া তাদের কাছ থেকে দুটি ভারতীয় পাসপোর্ট, বিভিন্ন মানের ৫০০ মার্কিন ডলার, ৫০০ রুপি মূল্যমানের ২০টি ভারতীয় নোট যার মোট মূল্য ১০ হাজার রুপি, তিনটি স্মার্টফোন এবং দুটি বোর্ডিং কার্ড জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার দুই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর), বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

এসএএ/বিআরইউ