বিজ্ঞাপন

দৈনিক ৫০০ টাকা মজুরি, ভূমি অধিকারের দাবিতে চা শ্রমিকদের সমাবেশ

দৈনিক ৫০০ টাকা মজুরি, ভূমি অধিকারের দাবিতে চা শ্রমিকদের সমাবেশ

দৈনিক ন্যূনতম ৫০০ টাকা মজুরি, ভূমি অধিকার ও নির্বাচনসহ বিভিন্ন দাবিতে সমাবেশ করেছেন চা শ্রমিকরা। সমাবেশে নেতারা বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও চা শ্রমিকদের মজুরি বাড়েনি। দৈনিক ১৮৭ টাকা মজুরি দিয়ে বর্তমান সময়ে একটি পরিবার চালানো সম্ভব নয়।

শুক্রবার (২৮ আগস্ট) চট্টগ্রামের বারমাসিয়া চা বাগানের কালী তলায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পঞ্চায়েত সভাপতি অপু কূর্মীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্ত, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, চট্টগ্রাম জেলার যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, চট্টগ্রাম ভ্যালি কমিটির সাবেক সভাপতি প্রদীপ দাশ, বাদল মুন্ডা, দীপু কূর্মী, তপন কূর্মী, পরেশ মুন্ডা, সিন্ধু বালা কূর্মী, ললিতা কূর্মীসহ বিভিন্ন চা বাগানের নেতারা।

সমাবেশে নেতারা বলেন, দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম দিন দিন বাড়ছে। বিদ্যুৎ, গ্যাস, পানি থেকে শুরু করে সব ধরনের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। অথচ চা শ্রমিকরা এখনো দৈনিক ১৮৭ টাকা মজুরি পান। এই মজুরি দিয়ে বর্তমান বাজারদরে তাদের জীবনযাপন করা সম্ভব নয়।

তারা বলেন, চা শ্রমিকদের দৈনিক ন্যূনতম মজুরি ৫০০ টাকা নির্ধারণ করতে হবে। একই সঙ্গে চা শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করতে হবে এবং নিয়মিত নির্বাচন দিতে হবে।

নেতারা আরও বলেন, শ্রম আইন অনুযায়ী চা শ্রমিকদের প্রাপ্য চিকিৎসাসুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। চা শ্রমিকদের সঙ্গে চুক্তি অনুযায়ী চালু থাকা রেশনিং ব্যবস্থা বন্ধেরও ষড়যন্ত্র চলছে। শ্রমিকদের অধিকার রক্ষায় এসব বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। সমাবেশ শেষে চা শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাগান এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এমআর/এমএসএ