বিজ্ঞাপন

চট্টগ্রামে এমপির নেতৃত্বে মাদক-সন্ত্রাসবিরোধী প্রচারণা

চট্টগ্রামে এমপির নেতৃত্বে মাদক-সন্ত্রাসবিরোধী প্রচারণা

চট্টগ্রামের ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলার প্রতিটি গ্রাম, ইউনিয়ন, ওয়ার্ড ও অলিগলিতে সন্ত্রাস ও মাদকবিরোধী জনসচেতনতামূলক প্রচারণা চালানোর ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। আগামী প্রজন্মকে মাদক ও সন্ত্রাস থেকে রক্ষা করতে এই কর্মসূচিকে ধারাবাহিক সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ফটিকছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী পদযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরোয়ার আলমগীর বলেন, আজ থেকে চট্টগ্রাম-২ নির্বাচনী এলাকার ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর— এই দুই উপজেলায় সন্ত্রাস ও মাদকবিরোধী প্রচারণা চলবে। আগামী প্রজন্মকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শুধু প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে এ সমস্যা মোকাবিলা সম্ভব নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে নিয়ে এই কর্মসূচিকে ধারাবাহিক সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।

তিনি বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিটি পরিবারকে সচেতন হতে হবে। তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে রক্ষা করতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।

এর আগে, বিকেলে উপজেলার নাজিরহাট ঝংকার মোড় থেকে মাদক ও সন্ত্রাসবিরোধী পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে বিবিরহাট বাজারের মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে শেষ হয়।

পরে মুক্তিযোদ্ধা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পদযাত্রায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ও কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

এমআর/এসএএস