অভিভাবকদের উদ্দেশে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, অভিভাবকদের দায়িত্ব শুধু সন্তানকে বিদ্যালয়ে পাঠানো নয়, বরং তার সার্বিক বিকাশ নিশ্চিত করা। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কী ধরনের কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে, এসব বিষয়ে নিয়মিত খোঁজ-খবর রাখা অভিভাবকদের প্রয়োজন।
‘প্রত্যেক পরিবারকে সন্তানদের যোগ্য নাগরিক হিসাবে গড় তুলতে হবে। শুধু শিক্ষকদের ওপর নির্ভর করে সন্তানকে সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব নয়, একজন শিক্ষার্থীর প্রকৃত বিকাশে পরিবার ও অভিভাবকের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
গতকাল দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী তার বক্তব্যে বলেন, আপনাদের সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে। আপনার সন্তান বাড়ি থেকে বের হয়ে, আপনাকে পড়াশোনার কথা বলে, ভুল তথ্য দিয়ে কোথায় যায়, সে বিষয়টি আপনাকেই নজরদারি করতে হবে। শুধু শিক্ষকদের উপর ভরসা করলে হবে না। একজন সন্তানের চরিত্র গঠন, নৈতিক শিক্ষা এবং ভবিষ্যৎ জীবনের ভিত্তি তৈরি হয় তার পরিবার ও অভিভাবকদের কাছ থেকে। পরিবারের বাবা-মা এবং অভিভাবকেরা বর্তমান আকাশ সংস্কৃতির এই যুগে, সচেতন না হলে, সন্তানেরা ভুল পথে ধাবিত হয়ে মাদকাসক্ত সহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে যাবে।
মন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেন, বর্তমান সময়ে প্রযুক্তির ব্যাপক ব্যবহার শিশু-কিশোরদের জীবন-ধারায় বড় ধরনের পরিবর্তন এনেছে। ফলে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, একজন শিক্ষার্থী শুধু ভালো ফলাফল করলেই হবে না। সন্তানকে একজন সৎ, মানবিক ও দেশ-প্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
এনএফ
