সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগে আগামী তিন দিন মাঝারি ভারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে উত্তর-পূর্বাঞ্চলের মনু, ধলাই ও খোয়াই নদীর পানি বাড়ছে। আগামী ২৪ ঘণ্টায় নদীগুলোর পানি কিছু স্থানে সতর্ক সীমায় পৌঁছাতে পারে। এতে হবিগঞ্জ ও মৌলভীবাজারের নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
শনিবার (২৯ আগস্ট) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী ও দায়িত্বরত কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম শোভনের দেওয়া বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী তিন দিন দেশের অভ্যন্তরে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন উজানে মাঝারি ভারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে।
গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট বিভাগের মনু, ধলাই ও খোয়াই নদীর পানি সমতল বেড়েছে। আগামী এক দিন এসব নদীর পানি আরও বাড়তে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, আগামী ২৪ ঘণ্টায় মনু, ধলাই ও খোয়াই নদী কিছু স্থানে সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে। এতে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার এসব নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। আগামী একদিন এসব নদীর পানি দ্রুত বাড়তে পারে। এরপর দ্বিতীয়দিন পানি স্থিতিশীল থাকতে পারে এবং তৃতীয়দিন কমতে পারে।
ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল রয়েছে। আগামী এক দিন পানি স্থিতিশীল থাকতে পারে। তবে পরবর্তী চারদিন পানি বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে গঙ্গা-পদ্মা নদীর পানি বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং আগামী পাঁচ দিনও স্থিতিশীল থাকতে পারে। এসব নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।
উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানিও গত ২৪ ঘণ্টায় বেড়েছে। আগামী তিন দিন এসব নদীর পানি আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়।
অন্যদিকে উত্তরাঞ্চলের তিস্তা ও ধরলা নদীর পানি গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল রয়েছে। দুধকুমার নদীর পানি কমেছে। আগামী এক দিন এসব নদীর পানি স্থিতিশীল থাকতে পারে। তবে পরবর্তী দুই দিন পানি বাড়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
এমএইচএন/আরএফ
