বিজ্ঞাপন

ভূমি প্রতিমন্ত্রী

দেশের প্রতিটি ভূমি অফিসকে আধুনিক ভূমি কমপ্লেক্সে রূপান্তর করা হবে

দেশের প্রতিটি ভূমি অফিসকে আধুনিক ভূমি কমপ্লেক্সে রূপান্তর করা হবে

দেশের প্রতিটি ভূমি অফিসকে আধুনিক ভূমি কমপ্লেক্সে রূপান্তর করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, এ পরিকল্পনার প্রথম ধাপে হাটহাজারী উপজেলা ভূমি অফিসও অন্তর্ভুক্ত হয়েছে। টেন্ডার প্রক্রিয়া শেষ হলে দ্রুত ভূমি কমপ্লেক্স নির্মাণকাজ শুরু হবে।

শনিবার (২৯ আগস্ট) হাটহাজারী উপজেলা ভূমি অফিসে সেবাপ্রার্থীদের জন্য নির্মিত ‘সেবাকুঞ্জ’ উদ্‌বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আধুনিক ভূমি কমপ্লেক্স দীর্ঘমেয়াদে জনগণকে উন্নত ও জনবান্ধব সেবা দেওয়ার উপযোগী করে নির্মাণ করা হবে। ভূমি অফিসে সেবা নিতে আসা মানুষ যাতে স্বস্তি ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার সঙ্গে সেবা নিতে পারেন, সে লক্ষ্যেই আপাতত ‘সেবাকুঞ্জ’ চালু করা হয়েছে। এখানে বসার ব্যবস্থা, বিশুদ্ধ পানি ও পানি পরিশোধনের সুবিধাসহ প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা রাখা হয়েছে।

সরকারি সম্পত্তি রক্ষা এবং অবৈধ দখল, পাহাড় কাটা ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসন নিয়মিত কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, সীমিত জনবল দিয়ে সবকিছু সার্বক্ষণিকভাবে তদারকি করা কঠিন। তাই সরকারি সম্পত্তি দখল বা ক্ষতিগ্রস্ত করার ঘটনা ঘটলে স্থানীয় জনগণকে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।

সাংবাদিকদেরও এসব অনিয়ম, অবৈধ স্থাপনা ও অবৈধভাবে বালু উত্তোলনের তথ্য প্রশাসনের নজরে আনার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক ও স্থানীয় জনগণের সহযোগিতা পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব।

পরে প্রতিমন্ত্রী হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ ও বন্যায় ক্ষতিগ্রস্ত এবং অসহায়-দরিদ্র মানুষের মাঝে ঢেউটিন বিতরণ করেন।

এ ছাড়া হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্মারক দেওয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দেবে। জিপিএ-৫ অর্জন তাদের দীর্ঘ পথচলার শেষ নয়, বরং এটি শুরুর একটি ধাপ। মাদকের ভয়াবহতা থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যর্থতা জীবনের শেষ নয়; বরং ব্যর্থতার পর আবার চেষ্টা করে উঠে দাঁড়ানোই সফলতার অন্যতম চাবিকাঠি।

তিনি শিক্ষার্থীদের মাদককে ‘না’ বলার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে শ্রমজীবী মানুষের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, অপরাধ ছাড়া কোনো পেশাকেই ছোট করে দেখা উচিত নয়। সমাজে সৎভাবে কাজ করা প্রত্যেক পেশার মানুষের শ্রম ও অবদানকে সম্মান করতে হবে।

পরে সরকারহাটে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বিনামূল্যে রোপা আমনের চারা বিতরণ কর্মসূচির উদ্‌বোধন করেন প্রতিমন্ত্রী।

এ সময় হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতারা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

এমআর/আরএফ