বিজ্ঞাপন

আবদুস সালাম

ইউনিয়ন পরিষদ বাংলাদেশের স্থানীয় সরকারের মূল ভিত্তি

ইউনিয়ন পরিষদ বাংলাদেশের স্থানীয় সরকারের মূল ভিত্তি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা  আবদুস সালাম বলেছেন, ইউনিয়ন পরিষদ বাংলাদেশের স্থানীয় সরকারের একটি মূল ভিত্তি। কয়েকটি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন গঠিত হয়। সেখানে চেয়ারম্যান ও সদস্যরা মানুষের প্রতিনিধিত্ব করেন। ইউনিয়ন পরিষদগুলো শক্তিশালী হলে গ্রামগুলো স্বনির্ভর হয়ে গড়ে উঠবে এবং মানুষের জীবনযাত্রার উন্নতি হবে।

শনিবার (২৯ আগস্ট) বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত "স্থানীয় সরকার শক্তিশালী করে নতুন বাংলাদেশ বিনির্মাণে ইউপি চেয়ারম্যান মেম্বারদের করণীয়" শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী হলে সরকারেও কাঙ্ক্ষিত সফলতা অর্জন সম্ভব। ইউনিয়ন পরিষদ শক্তিশালী হলে গ্রাম পর্যায়ে মানুষের সমস্যা দ্রুত সমাধান হবে, শৃঙ্খলা ফিরবে এবং এর সুফল পর্যায়ক্রমে উপজেলা ও জেলা পর্যায়েও পৌঁছাবে।

স্থানীয় সরকারকে শক্তিশালী করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্থানীয় সরকারকে শক্তিশালী করেছিলেন এবং গ্রাম সরকার গড়ে তুলেছিলেন। গ্রামের মানুষকে সরকার ও রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত করার মাধ্যমে তিনি মাঠপর্যায়ের মানুষের সঙ্গে সরাসরি সম্পর্ক তৈরি করেছিলেন। ফলে গ্রামের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নেওয়া সম্ভব হয়েছিল।

বর্তমান সরকারের সময় দেশের অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে আবদুস সালাম বলেন, বিদ্যুৎ ও গ্যাসসহ বিভিন্ন সমস্যা উত্তরাধিকার সূত্রে পাওয়া গেছে। এসব সমস্যা সমাধানে সময় লাগবে। এ জন্য জনগণকে সরকারকে সহযোগিতা করতে হবে। জনগণের সহযোগিতা থাকলে ধীরে ধীরে সব সমস্যার সমাধান সম্ভব হবে।

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষকে সহায়তা না করলে দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ কঠিন হবে। এ কারণে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে এবং শ্রমিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। মানুষের কল্যাণে আরও বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা চলছে।

আবদুস সালাম বলেন, গ্রামগঞ্জের মানুষের কোনো সমস্যা বা ভুলত্রুটি হলে তা সমাধানে স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইউনিয়ন পরিষদে যারা দায়িত্ব পালন করছেন, তারা শক্তিশালী হলে গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে শৃঙ্খলা ফিরে আসবে। পরে এর প্রভাব থানা, উপজেলা ও জেলা পর্যায়েও পড়বে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কোবীর বেপারীসহ বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত মেম্বার চেয়ারম্যানরা।

এএসএস/এমএসএ 

বিজ্ঞাপন