বিজ্ঞাপন

মৃতদেহের গোসলঘর নির্মাণ নিয়ে পল্লবীতে দুই পক্ষের সংঘর্ষ

মৃতদেহের গোসলঘর নির্মাণ নিয়ে পল্লবীতে দুই পক্ষের সংঘর্ষ

রাজধানীর পল্লবী এলাকায় মৃতদেহ গোসল করানোর জন্য গোসলঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। 

স্থানীয়দের দাবি, বিহারি ক্যাম্পে মৃতদেহ গোসলের জায়গা নির্মাণে বাধা দিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা পাঁচ রাউন্ড গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টার পর মিরপুরের তালাব ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় একাধিক বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, পল্লবীর তালাব ক্যাম্পের ১১ নম্বর ব্লকের ৪ নম্বর লাইনে মৃতদেহ গোসল করানোর জন্য গোসলঘর তৈরিকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, এ ঘটনার নেপথ্যে বিহারি সংগঠনের নেতা সাদাকাত খান ফাক্কু জড়িত। ক্যাম্পে নিজের অস্তিত্ব ধরে রাখতে তিনি বাসিন্দাদের মৃতদেহ গোসল করানোর জন্য জায়গা তৈরিতে বাধা দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়া, গোসলঘর নির্মাণ করতে আসা জামায়াতের কর্মীদের ওপর ফাক্কুর নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়ে গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপ করেছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, সংঘর্ষের সময় জামায়াতের কর্মী মানিক ও সুমনের নেতৃত্বে প্রায় ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী এবং ফাক্কুর নেতৃত্বে বিএনপি ও ছাত্রদলের প্রায় ২০০ থেকে ৩০০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর মধ্যে ক্যাম্পের বিএনপি নেতা ফাক্কুর নেতৃত্বে সশস্ত্র হামলা চালানোর অভিযোগ উঠেছে।

তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বশির বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কতজন আহত হয়েছেন, তা আমাদের জানা নেই। এ ঘটনায় ক্যাম্পের ভেতর গোলাগুলি হয়েছে বলে শুনেছি। তবে আমরা এখনো এর সত্যতা পাইনি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দিলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।

এমএসি/জেডএস 

বিজ্ঞাপন