বিজ্ঞাপন

কবুতর-বিকাশের আড়ালে মাদক কারবার, কড়াইলে হেরোইন-ইয়াবাসহ আটক ৭

কবুতর-বিকাশের আড়ালে মাদক কারবার, কড়াইলে হেরোইন-ইয়াবাসহ আটক ৭

রাজধানীর কড়াইল বস্তিতে অভিযান চালিয়ে ৫২০ গ্রাম হেরোইন, ২৫৩ পিস ইয়াবা, দুই বোতল বিদেশি মদ, গাঁজা ও নগদ ৪২ লাখ ৪১ হাজার ১৪০ টাকা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। 

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দিনব্যাপী কড়াইল বস্তিতে অভিযান চালায় ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)। অভিযানে আটক সাতজনের মধ্যে তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। অন্যদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

অভিযান শেষে রাতে কড়াইল বস্তিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)-এর উপপরিচালক রাজিউর রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকালে মাদক কারবারি মমিনের বাসা ঘিরে অভিযান চালানো হয়। এ সময় মমিন গোপন পথে পালিয়ে যান। পরে তার বাসায় তল্লাশি চালিয়ে ৫২০ গ্রাম হেরোইন ও নগদ ২৪ লাখ টাকা উদ্ধার করা হয়।

তিনি বলেন, পরবর্তী সময়ে মমিনের সমিতির অফিসে অভিযান চালিয়ে আরও ১৮ লাখ টাকা, বিদেশি মদ ও ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। কবুতর ও বিকাশের ব্যবসার আড়ালে মমিন মাদক কারবারে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ডিএনসির এই কর্মকর্তা আরও বলেন, অভিযানে অন্যদের কাছ থেকেও গাঁজা ও ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোট সাতজনকে আটক করা হয়। তাদের মধ্যে তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে এবং বাকিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

রাজিউর রহমান বলেন, রাজধানীকে মাদকমুক্ত করতে কড়াইলসহ মাদকের অন্যান্য স্পটেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এমএসি/এমএসএ