রাজধানীর মিরপুরের ভাষানটেকের একটি বাড়িতে অস্ত্র থাকার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছে র্যাব-৪ ও ভাষানটেক থানা পুলিশ। প্রায় এক ঘণ্টা ৪০ মিনিট ধরে অভিযান চালালেও বাড়িটি থেকে সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়নি। এ ঘটনায় কাউকে আটকও করা হয়নি।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টা ৪৯ মিনিট থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভাষানটেক থানাধীন বাগানবাড়ি এলাকার ১৬০/বি নম্বর বাড়িতে এ যৌথ অভিযান চালানো হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, ওই ব্যক্তি র্যাব ও ডিবি পুলিশকে ফোন দেয়। পরে বাড়িটিতে র্যাব, ডিবি ও থানা পুলিশ অভিযান চালায়। এতে র্যাব-৪-এর ১৮ থেকে ২০ জন সদস্য এবং পুলিশের ১৫ থেকে ১৬ জন সদস্য উপস্থিত ছিলেন।
পুলিশ ও র্যাব সূত্রে জানা গেছে, ১৬০/বি নম্বর বাড়িটি আটতলা। এর চতুর্থ তলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক এক সদস্য অহিদুল হকের ই/৩ নম্বর ফ্ল্যাটে অভিযান চালানো হয়। ফোন কলের ভিত্তিতে অস্ত্র উদ্ধারের জন্য সেখানে বিশেষ যৌথ অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযান শেষে সন্দেহজনক কোনো কিছু না পাওয়ায় শূন্য জব্দ তালিকা প্রস্তুত করে বিকেল সাড়ে ৫টার দিকে অভিযানকারী দল ঘটনাস্থল ত্যাগ করে। বর্তমানে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে ভাষানটেক থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন ঢাকা পোস্টকে বলেন, ‘সিনিয়র স্যারদের সঙ্গে ওই বাড়িতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা কিছু পাইনি। কাউকে আটকও করা হয়নি। এ বিষয়ে আর কিছু জানি না।’
এর আগে শনিবার দুপুরের পর ওই বাড়িটি ঘিরে ডিবির একটি দল অভিযান চালাচ্ছে বলে খবর ছড়িয়ে পড়ে। জানা যায়, এক ব্যক্তি ডিবি ও র্যাবকে ফোন করে ওই বাড়ির ঠিকানা দিয়ে তার কাছে অস্ত্র থাকার কথা জানান। ফোনে তিনি বলেন, তিনি আর অপরাধের পথে চলতে চান না এবং ভালো হয়ে যেতে চান। অস্ত্রসহ তাকে নিয়ে গিয়ে আত্মসমর্পণের সুযোগ দেওয়ার অনুরোধও করেন।
ওই ফোন পাওয়ার পর ডিবির একটি দল বাড়িটি ঘিরে রাখে। পরে র্যাব-৪ ও ভাষানটেক থানা পুলিশ সেখানে যৌথ অভিযান চালায়। তবে শেষ পর্যন্ত অভিযানে কোনো অস্ত্র বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।
এমএসি/এসএএস
