বিজ্ঞাপন

শ্যামপুরে অটোরিকশার ধাক্কায় গার্মেন্টসকর্মী নিহত

শ্যামপুরে অটোরিকশার ধাক্কায় গার্মেন্টসকর্মী নিহত

রাজধানীর শ্যামপুর থানাধীন ঢাকা হাইওয়ে সড়কে অটোরিকশার ধাক্কায় দিনা বেগম (৩৪) নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত দিনা বেগম নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পুলিশ লাইন তাগারপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত আব্দুল কাদের।

পথচারী শহিদুল ইসলাম জানান, শ্যামপুর থানাধীন ঢাকা হাইওয়ে সড়কে দিনা বেগমকে একটি অটোরিকশা ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে থাকেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এসএএ/এমএন

বিজ্ঞাপন