থাইল্যান্ডের ভিসা আবেদনে নতুন দুই শর্ত যুক্ত হচ্ছে। সোমবার (৩১ আগস্ট) থেকে শর্ত দুটি যুক্ত হবে।
ঢাকার থাই দূতাবাস জানিয়েছে, ৩১ আগস্ট থেকে ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা (ডিটিভি) আবেদনকারীদের জন্য অতিরিক্ত কিছু নথি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের এখন থেকে জমা দিতে হবে—
১. যে দেশ থেকে ভিসার আবেদন করা হচ্ছে, সেই দেশের স্থায়ী বসবাসের প্রমাণপত্র।
২. আবেদনকারীর নিজ দেশের অথবা স্থায়ী বসবাসের দেশের ইস্যু করা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অথবা কোনো অপরাধমূলক রেকর্ড নেই-এমন সরকারি নথি।
নথি মূল ভাষার পাশাপাশি ইংরেজি অনুবাদসহ জমা দিতে হবে। কর্তৃপক্ষ আবেদনকারীদের ভিসার আবেদন জমা দেওয়ার আগে সম্পূর্ণ প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা যাচাই করার পরামর্শ দিয়েছে।
ডিটিভি ভিসার আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য থাইল্যান্ডের সরকারি ই-ভিসা পোর্টাল ব্যবহার করতে বলা হয়েছে।
এনআই/এমএন
