রাজধানীর গুলশান এলাকায় প্রধানমন্ত্রীর বাসভবন ও পাকিস্তান দূতাবাসের সামনে থেকে ডিজিএফআইর অফিসার পরিচয়দানকারী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই যুবকের নাম মো. সাইফ ইমরান (৩৭)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৯ আগস্ট) রাতে পাকিস্তানের দূতাবাসের সামনে সন্দেজনক ঘোরাফেরা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে ডিজিএফআইয়ের সহকারী পরিচালক (এডি) কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। পরে তার গতিবিধি এবং কথাবার্তা সন্দেহজনক মনে হলে তাকে আটক করে যাচাই-বাছাই করার পর গুলশান থানায় হস্তান্তর করা হয়। পরে রাতে তার বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা দায়ের হয়।
রোববার (৩০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন, গতকাল (২৯ আগস্ট) রাত সোয়া ৭টায় গুলশান থানার অধীনে প্রধানমন্ত্রীর বাসভবনের পাশে ও পাকিস্তান দূতাবাসের পশ্চিমে গুলশান নর্থ অ্যাভিনিউতে একটি মোটরসাইকেল পার্ক করার সময় এক ব্যক্তিকে আটক করা হয়। এর আগে শনিবার দুপুরে ওই ব্যক্তি একই জায়গায় তার মোটরসাইকেলটি পার্ক করেছিলেন। পুলিশ সদস্যরা তাকে সেখানে পার্ক করতে নিষেধ করলে সে নিজেকে সাইফ ইমরান এডি, ডিজিএফআই হিসেবে পরিচয় দিয়ে জায়গাটি ছেড়ে চলে যান।
তিনি বলেন, এরপরে সন্ধ্যা সোয়া ৭টায় তিনি আবার একই জায়গায় ফিরে আসেন। তার পোশাক ও আচরণে সন্দেহ হওয়ায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, তিনি ডিজিএফআইর সদস্য নন। পরে ডিজিএফআই কর্মকর্তাদের কাছ থেকে বিষয়টি যাচাই করা হয়। গ্রেপ্তার ইমরানের কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি রেইনকোট জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে রাতে একটি মামলা দায়ের করা হয়েছে।
এমএসি/জেডএস
